রিজভীর শঙ্কা

আসামে বাদ পড়াদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে

ভারতের আসামের নাগরিকপঞ্জিতে বাদ পড়া বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, গত দুই বছরে সরকার একজন রোহিঙ্গাকেও তাদের জন্মভূমিতে ফেরত পাঠাতে পারেনি। রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলোতে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন শিশু। এদের নাগরিকত্বের পরিচয় কী হবে? কোন দেশের পরিচয়ে এরা বেড়ে উঠবে। তিনি বলেন, এমন পরিস্থিতির মধ্যে নতুন খবর হলো ভারতের আসামে নাগরিকত্বহীন করা হয়েছে ১৯ লাখের বেশি মানুষকে। শোনা যাচ্ছে, এদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে।