আইএসপিআর-এর তথ্য

আগস্টে গুলিবিনিময়ে ইউপিডিএফের ৪ সন্ত্রাসী নিহত

পার্বত্য চট্টগ্রামে গত আগস্ট মাসে সেনাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়কালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল দলের এক শীর্ষ সন্ত্রাসীসহ ৪ জন নিহত হয়েছে। গত ১৮ আগস্ট সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়কালে এক সেনাসদস্যও মারা যান। ওই মাসে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে ২২ সন্ত্রাসী আটক, ৮টি দেশি-বিদেশি অস্ত্র ও ৩৬ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হযেছে। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের সেনাবাহিনীর উল্লেখযোগ্য কিছু কর্মকা- তুলে ধরে আইএসপিআর। এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিতভাবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ১ আগস্ট ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ হাঙ্গেরির একটি মেডিকেল টিমের সহায়তায় ৩৩ ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশু রাবেয়া ও রোকেয়ার জোড়া লাগানো মাথা পৃথক করা হয়। এরপর সিএমএইচের একটি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে শিশু দুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে শিশু দুটির শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে।

গত ১৮ আগস্ট তারিখ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ৪ দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়া সফরের বিস্তারিত তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া সেনাবাহিনীর খেলাধুলা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা সেনানিবাস সংলগ্ন এমইএস বাস স্টপেজ এলাকায় আন্ডারপাস নির্মাণ প্রকল্প বিষয়ে তুলে ধরা হয়।