তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত গ্রিগর দিমিত্রভের কাছে হার মানতে হলো রজার ফেদেরারকে। তাতে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়নকে।
বুধবার ফ্লাশিং মিডোসে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের ফেদেরারকে ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেন দিমিত্রভ। এতে সময় লেগেছে তিন ঘণ্টা ১২ মিনিট।
টান টান চার সেটের পর পঞ্চম সেটে ২৮ বছর বয়সী দিমিত্রভের বিপক্ষে আর লড়াই ধরে রাখতে পারেননি ৩৮ বছর বয়সী ফেদেরার। এই প্রথম কিংবদন্তি তারকা এই খেলোয়াড়ের বিপক্ষে জয়ের দেখা পেলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ৭৮ নম্বরে থাকা দিমিত্রভ।
এদিকে, নারী এককে সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার-ফাইনালে মাত্র ৪৪ মিনিটে চীনের ওয়াং কিয়াংকে ৬-১, ৬-০ গেমে হারিয়ে দেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।