আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেও নির্বাচন নিয়ে তাদেরকে ঐক্যফ্রন্টের নেতারা বিভ্রান্ত করতে পারবেন না।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্নের অধ্যাপক ও গবেষকদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান ঐক্যফ্রন্ট নেতারা।
এবিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আবদুর রাজ্জাক বলেন, ‘কূটনীতিকরা এখন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান। নির্বাচনসহ অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক করলেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা কূটনীতিকদের বিভ্রান্ত করতে পারবেন না।’
তিনি বলেন, কূটনীতিকেরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না। তারা বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ দেখতে চান না। তারা অবশ্যই বিনাবিচারে কোনো হত্যা হলে আইনের লঙ্ঘন হলে সেটাকে তারা সমর্থন করেন না। দেশে ন্যায়ের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটা সবাই চান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, কূটনীতিকদের সঙ্গে এই মতবিনিময়ে কোনো বাধা নেই। আমি তাদের অভিনন্দন জানাই। আমরাও তো কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময় করি ও করবো। কাজেই আমি খারাপ দৃষ্টিতে দেখতে চাই না।
তিনি বলেন, আমার মনে হয় না তারা কূটনৈতিকদের বিভ্রান্ত করতে পারবে। তারপরও, ঐক্যফ্রন্টের নেতারা ভুল তথ্য দিয়ে কূটনীতিকদের বিভ্রান্ত করতে চাইলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার সক্ষমতা রয়েছে।
আবদুর রাজ্জাক বলেন, বর্তমানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুব সুশৃঙ্খল ও সুসংগঠিত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে আন্দোলন করে কিছু করতে পারবে না। তারা অতীতেও সফল হয়নি। বিএনপি একটি বড় দল। তবে ঐক্যফ্রন্ট আন্দোলনে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।