ঢাকার মঞ্চে ‘হো চি মিন’

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বৃহস্পতিবার ও শুক্রবার মঞ্চায়িত হবে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের নতুন প্রযোজনা ‘হো চি মিন’।

মূল ভাবনা, পাণ্ডুলিপি, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনায় আছেন পূজা সেনগুপ্ত।

ভিয়েতনামের জাতির জনক ও কিংবদন্তি নেতা হো চি মিন-এর  জীবন, সংগ্রাম ও দর্শনের ওপর ভিত্তি করে এই প্রযোজনা।

নাটকে হো চি মিনের পাশাপাশি একটি বিশেষ মুহূর্তে দেখা যাবে আরেক কিংবদন্তি নেতা ভ্লাদিমির লেনিনকে।

তুরঙ্গমীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়- কোন রাজনৈতিক নেতার জীবন ও দর্শনকে কেন্দ্র করে এটিই বিশ্বের প্রথম আত্মজীবনীমূলক ড্যান্স থিয়েটার।

আয়োজনের দ্বিতীয় দিন ভিয়েতনামের জাতীয় দিবস উদ্‌যাপন শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘হো চি মিন’ মঞ্চায়িত হবে। এই প্রদর্শনীর সব আসন ইতিমধ্যেই সংরক্ষিত হয়েছে।

২০১৫ সালে পূজা সেনগুপ্তর নির্দেশনায় তুরঙ্গমী বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার ‘ওয়াটারনেস’ মঞ্চে আনে। মাঝে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের প্রযোজনা করলেও চার বছর বিরতির পর ‘হো চি মিন’ দিয়ে আবারও পূর্ণদৈর্ঘ্যর নৃত্য নাটকে ফিরলো তুরঙ্গমী।

নাটকটির সংগীত পরিচালনায় আছেন সুমন সরকার। পৃষ্ঠপোষকতা করেছে ভিয়েতনাম সরকার এবং ভিয়েতনাম দূতাবাস, বাংলাদেশ।

‘হো চি মিন’-এর অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে বিশ্বরঙের ঢাকার সব আউটলেট, নিউ ইস্কাটনের স্টুডিও পদ্মা এবং শো-এর আগে জাতীয় নাট্যশালার টিকিট কাউন্টারে।