জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা, রাষ্ট্রীয় স্বাধীনতা পদকপ্রাপ্ত ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম. আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ছয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
‘এম. আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের’ আয়োজনে ছয় দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন বুধবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সকাল ১০টায় সদর উপজেলার জালালপুরস্থ পারিবারিক কবরস্থানে সমাধিতে গবেষণা কেন্দ্রের সভাপতি আজিজুল হক জুগলুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) বিভাগের বিচারপতি ও তার বড় ছেলে এম ইনায়েতুর রহিম।
এ সময় তার ছোট ছেলে হুইপ ইকবালুর রহিম এমপি, হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর মো. আবুল কাশেম, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও সাবেক উপাচার্য প্রফেসর রুহুল আমীন, শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকসহ রাজনৈতিক, পেশাজীবী সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ফুলের ডালা দিয়ে আব্দুর রহিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার দিনাজপুর ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে রক্ত ও ডায়াবেটিক চিকিৎসা প্রদান, দিনব্যাপী মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্রের প্রদর্শনী হয়।
১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জননেতা এম. আব্দুর রহিম।