এক রাতের ফুল ‘নাইট কুইন’

মিষ্টি সুবাস আর দুধসাদা পাপড়িতে অতুলনীয় ফুল ‘নাইট কুইন’। সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত ফুলটি রাতে নিজেকে মেলে ধরে, আবার রাতেই ঝরে পড়ে। ফোটার জন্য অপেক্ষায় থাকতে হয় বহু বছর। গত মঙ্গলবার রাতে দুর্লভ ফুলটির দেখা মিলল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের ৪০২ নম্বর কক্ষে শিক্ষার্থীদের লাগানো টবে। ২০০২ সালে ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শেখ রিয়াজ উদ্দিন গাছটি লাগান। ২০০৪ সালে প্রথমবার গাছটিতে দেখা মেলে নাইট কুইনের। পরের বছরও একসঙ্গে ৩টি ফুল ফুটে। এরপর ১৪ বছর পর এই গাছে তৃতীয়বার ফুটল ফুল। এ বিষয়ে শেখ রিয়াজ উদ্দিন বলেন, ‘নাইট কুইন দু®প্রাপ্য ফুল। সৌন্দর্যের প্রতীক হিসেবে গাছটি লাগিয়েছিলাম। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আমাদের সবার উচিত গাছ লাগানো।’

ক্যাকটাসজাতীয় ফুলটি অন্য ফুলের তুলনায় একটু আলাদা। বছরের মাত্র একদিনে এবং মধ্যরাতে পূর্ণ বিকশিত হয়। আর শেষরাতেই ঝরে যায়। পাথরকুচির মতো পাতা থেকে এ গাছের জন্ম। পাতা থেকেই ফুলের গুটি দেখা দিয়ে ১৫ দিন পর বড় কলি হয়। যে রাতে ফুলটি ফুটবে, সেই বিকেল থেকেই কলিটি সুন্দররূপে সাজে। ধীরে ধীরে অন্ধকার নেমে এলে সৌন্দর্যে স্বমহিমায় প্রকাশিত হয় ফুলটি।