বেরোবিতে সেই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত কমিটি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর আলমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর আলম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী হিসেবে যোগদান করলেও নিজের পদবি গোপন রেখে ‘ল্যাব অ্যাটেনডেন্ট’ পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেন। প্রতিবেদনগুলো প্রকাশের পর ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান জানান, বিষয়টির অধিকতর তদন্তের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাহবুবকে আহ্বায়ক, উপ-রেজিস্টার আবদুল হাকিমকে সদস্য সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সানজিদ ইসলাম খানকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, প্রবীণ এক অধ্যাপককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর মন্তব্য করায় ইতিমধ্যে চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর আলম মিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।