বরগুনা জেলা কারাগারে অনিয়মের অভিযোগে গতকাল বুধবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আসামিদের সঙ্গে সাক্ষাতে দর্শনার্থীদের কাছ থেকে অর্থ আদায়, কেন্টিনে খাবারের বাড়তি দামসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়ম দূর করতে কারা-তত্ত্বাবধায়ককে নির্দেশ দেয় দুদক।
এ ছাড়া জন হয়ারনি, ঘুষ কেলেঙ্কারি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই জেলা প্রশাসক এবং সাত উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে দুদক। গতকাল বুধবার দুদকের জনসংযোগ কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে জানানো হয়, কয়েক দর্শনার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান যে, বরগুনা জেলা কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে জেল কর্র্তৃপক্ষকে তাদের ২০০ টাকা করে দিতে হয়। যদিও কারা বিধি অনুযায়ী সাক্ষাতের জন্য কোনো ফি নেওয়ার বিধান নেই। তা ছাড়া বন্দিদের নিকট বাহির থেকে খাবার সরবরাহ করতে গেলেও টাকা দিতে হয় বলে জানান তারা। এমন অভিযোগে দুদক টিম কারাগারের খাবার সরবরাহ প্রক্রিয়া খতিয়ে দেখে।