পিকআপের ধাক্কায় সাতক্ষীরার পাটকেলঘাটায় নিহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী নারী। এতে আহত হয়েছেন তার চিকিৎসক স্বামী। অন্যদিকে, মাদারীপুরের শিবচরে বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলচালক কলেজছাত্র।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, গতকাল বুধবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটার কুমিরায় পিকআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। ফাতিমা কুমিরা নওয়াকাটি গ্রামের ডা. আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলচালক নিহতের স্বামী ডা. আজিজুর রহমানকে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। তারা সাতক্ষীরা থেকে মোটরসাইকেলযোগে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে খুলনাগামী পিকআপ তাদের ধাক্কা দেয়।
অন্যদিকে, মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রাকিব শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকার টিপু সিকদারের ছেলে ও সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবার জানিয়েছে, রাকিব প্রতিদিনের মতো মোটরসাইকেলে তার শারীরিক প্রতিবন্ধী বাবা কাঁঠালবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সিকদারকে গতকাল সকালে স্কুলে পৌঁছে দেন। পরে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাকিব মারা যান।