সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানকে উড়ো চিঠিতে হুমকি

সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহুল আমিনকে উড়ো চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান গত মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় জিডি করেছেন।

জিডির সত্যতা স্বীকার করে সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

চেয়ারম্যান রহুল আমিনের ভাষ্যমতে, প্রতিদিনের মতো গত সোমবার বিকেলে তিনি অফিস করতে বসেন। এমন সময় তার কাছে ডাকযোগে রেজিস্ট্রিকৃত খামের ওপর ‘জেড. আর. ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ (এবং একটি মোবাইল নম্বর)’ প্রেরকের ঠিকানা লেখা একটি পত্র তার কাছে আসে। খাম খুলে দেখা যায় চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে একটি চিঠি এবং সাদা এক টুকরো কাপড়।