বঙ্গবন্ধু বুক গ্যালারি ও মঞ্চের যাত্রা শুরু

দেশ-বিদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বইয়ের সংগ্রহ নিয়ে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পিবিএসে যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু বুক গ্যালারি ও মঞ্চের। রাজধানীর শান্তিনগর মোড়ে পিবিএসের বুক সেন্টারে গতকাল বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু বুক গ্যালারি ও মঞ্চ উন্মোচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমানসহ দেশের খ্যাতনামা লেখক ও প্রকাশকরা।

এ সময় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমাদের কর্তব্য বঙ্গবন্ধুকে জানা। বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস জানার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় উদ্যোগী হতে পারব।’ আসাদুজ্জামান নূর বলেন, ‘ইতিহাস নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ কম। তরুণদের এই ইতিহাসবিমুখতা বদলাতে পারে বই পড়ার অভ্যাসের মাধ্যমে।’ অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঞ্জেরী পাবলিকেশন্সের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক। কামরুল হাসান শায়ক বলেন, ‘বঙ্গবন্ধু বুক গ্যালারিতে থাকবে দেশে-বিদেশে প্রকাশিত বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ের সংগ্রহ। পাশাপাশি মঞ্চে থাকবে শিশু-কিশোরদের জন্য প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই পড়া, কবিতা ও ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। এটি পরিচালনা করবেন সঙ্গীতা ইমাম।’

মঞ্চায়িত হলো পদাতিকের ‘বেদের মেয়ে’

রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় নাটক ‘বেদের মেয়ে’। পল্লী কবি জসীম উদ্দীনের রচনা থেকে নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। এটি প্রযোজনা করেছে পদাতিক নাট্য সংসদ। বেদের মেয়ে চম্পাবতীর করুণ জীবন কাহিনীর মধ্য দিয়ে গ্রাম-বাংলার বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার এক চালচিত্র এই নাটকটিতে তুলে ধরা হয়েছে। অভিনয় করেন শামছি আরা সায়েকা, মমিনুল হক দিপু, আরিফ, জুয়েল, শাখওয়াত হোসেন শিমুল, চমকতারা, কামরুল হাসান, অন্তরা দাস পৃথা, পুষ্প, রোজা, আফরোজা পিংকি, শোভন, প্রান্ত, আছিয়া প্রমুখ।