চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় গিয়ে বুধবার দুপুরে আত্মসমর্পণ করেছিলেন পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামি মো. বেলাল (৪৩)। এদিন রাতেই পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে মারা যান ১৩ মামলার এই পলাতক আসামি।
বুধবার রাত ১টার দিকে নগরীর জালালাবাদ পাহাড় এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
নিহত বেলাল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে লোকোশেড কলোনিতে থাকতেন তিনি।
পুলিশের খাতায় তার নামে রয়েছে খুন, জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা। এর মধ্যে ১১টি মামলা ছিল খুলশী থানাতেই।
খুলশী থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, বুধবার দুপুরে নিজে থেকেই থানায় এসে আত্মসমর্পণ করেন মোস্ট ওয়ান্টেড আসামি বেলাল। এরপর তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে জালালাবাদ পাহাড়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
রাত একটার দিকে সেখানে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বেলালকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় ২০ মিনিট এ বন্দুকযুদ্ধ চলাকালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় বেলাল। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও ৪টি রাম দা উদ্ধার হয়েছে বলে জানান তিনি।