আফগান শিবিরে তাইজুলের দ্বিতীয় আঘাত

তাইজুল ইসলামের নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টের শুরু থেকেই আফগানিস্তানকে বেশ চাপের মধ্যে রেখেছে বাংলাদেশ। বিপদের কারণ হওয়ার আগেই অতিথি দলের দুই ওপেনারকে বিদায় করে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার!

দলীয় ১৯ রানে ওপেনার ইহসানউল্লাহকে (৯) সরাসরি বোল্ড করেন তাইজুল। এর মধ্য দিয়ে দেশের তৃতীয় বোলার হিসেবে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। সেই সঙ্গে সবচেয়ে কমসংখ্যক (২৫) টেস্ট খেলে একশোটি উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তাইজুল। টপকে যান সাকিব আল হাসানকে। ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন সাকিব।

শুরুর ধাক্কাটা কাটিয়ে ওঠার চেষ্টায় ছিল আফগানিস্তান। রহমত শাহকে সঙ্গী করে দলীয় সংগ্রহ এগিয়ে নিচ্ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান। কিন্তু থিতু হয়ে ওঠা এই ব্যাটসম্যানকে আর বাড়তে দিলেন না তাইজুল। তাকে খেলতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন ইব্রাহিম। তা লুফে নেন মাহমুদউল্লাহ। তখন আফগানিস্তানের রান দাঁড়ায় ২ উইকেটে ৪৮ রান।