ভারতে পাঞ্জাবে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে, আহত আরও ২৭ জন।
কারখানার ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে, গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে।
এনডিটিভি জানায়, গুরুদাসপুরের বাটালা এলাকায় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের মাত্রা এত ভয়াবহ ছিল যে, কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং আশপাশের ঘরবাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের ধাক্কায় একটি গাড়ি নালায় পড়ে যায়। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাটালার বাসিন্দা রাজপাল খোক্কার বলেন, “বিস্ফোরণের তীব্র শব্দে আমি পড়ে যাই। যখন আমার জ্ঞান আসে, আমি নিজেকে হাসপাতালে দেখি।”
আরেক ব্যক্তি শুকদেব সিং জানান, তার সঙ্গে আর যে দুজন বাজি কিনতে গিয়েছিলেন, তারা মারা গিয়েছেন।
স্থানীয়দের জানান, বেশ কয়েক বছর ধরেই অবৈধভাবে বাজি কারখানাটি চলছিল। শিখ ধর্মগুরু গুরু নানকদেবের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মীয় মিছিলে ফোটানোর জন্য এখানে বাজি তৈরি এবং মজুত করা হচ্ছিল।
প্রশাসনকে সাত আটবার এ নিয়ে অভিযোগ জানিয়েও অবৈধ কারখানাটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
এ দিকে বিস্ফোরণের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী। ঘটনায় শোক প্রকাশ করেছেন গুরুদাসপুরের সাংসদ সানি দেওল।