মেট্রোরেলের স্টেশন হবে হলি আর্টিজানে নিহত জাপানিদের নামে

রাজধানীতে মেট্টোরেলের সাতটি স্টেশনের নাম হবে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত জাপানিদের নামে। 

মালদ্বীপের রাজধানী মালেতে চতুর্থ ভারত মহাসাগরীয় সম্মেলনে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবেকে এ তথ্য জানান। 

দুই প্রতিমন্ত্রীর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত বিদেশিদের মধ্যে সাতজন জাপানি ছিলেন, যারা মেট্রোরেল প্রকল্পে সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

তারা হলেন- কোইও ওগাসাওয়ারা, হিরোশি তানাকা, নোবুহিরো কুরোসাকি, হিদেকি হাশিমতো, ওকামুরা মাকোতো, ইউকো সাকাই ও শিমোদায়রা রুই।

ঢাকায় চলমান মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তোশিকো আবের সঙ্গে বৈঠকে শাহরিয়ার আলম জাপানের জনশক্তি আমদানির উৎস দেশ হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির জন্য তাকে ধন্যবাদ জানান।