আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও চিলি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এক প্রীতি ম্যাচ খেলতে নামছে এই দুই ল্যাটিন দল। মনে পড়ে যায় ৬ জুলাই কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা। আর্জেন্টিনা ২-১ গোলে ম্যাচটি জিতলেও চিলিয়ান ডিফেন্ডার গ্যারি মেডেল ও আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির মধ্যকার ধাক্কাধাক্কির কথা। যে ঘটনায় লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে, সেই সঙ্গে মেডেলকেও।
মেসি ও মেডেলের কেউই থাকছেন না আজ। ৬ জুলাইয়ের সেই ঘটনার প্রতিক্রিয়া আজ দেখার শঙ্কা অন্তত নেই। অনেকেই বলেছিলেন, বল মাঠের বাইরে যাওয়ার পর মেডেল যেভাবে মেসিকে ধাক্কা দিয়েছিলেন তা ঠিক ছিল না। মেসিকে লালকার্ড দেখানোও ছিল মাত্রাতিরিক্ত। ওই লালকার্ডের কারণে মার্চে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মেসি। আর আজ না থাকার কারণ ভিন্ন। গত কোপা আমেরিকা চলাকালীন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেসি। যে কারণে তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেয় কনমেবল। তাই আজকের ম্যাচ এবং মেক্সিকো ও জার্মানির বিপক্ষে পরের দুটি প্রীতি খেলা মিস করতে হবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। ওই ম্যাচে লাল কার্ড দেখে মেডেলও পেয়েছেন তার শাস্তি। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাকবেন না মেডেলও।
মেসির সঙ্গে আজকের ম্যাচে আরও অনুপস্থিত সার্জিও আগুয়েরো ও ডি মারিয়া। তাই তরুণ দল থেকে একাদশ সাজাবেন কোচ লিওনেল স্কালোনি। তরুণ হলেও মেসি-আগুয়েরোদের অভাব পূরণের যথেষ্ট রসদ স্কালোনির আছে। তা দিয়ে চিলির বিপক্ষে গত পাঁচ ম্যাচে চার জয়ের ধারাবাহিকতা রাখবে আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার মতো চিলির সেরা তারকারাও থাকছেন না ম্যাচে। মেডেলের সঙ্গে অনুপস্থিত থাকবেন অ্যালেক্সিস সানচেজ ও আর্তুরো ভিদালও। মেসি আগুয়েরোরা যখন নেই, এই ম্যাচের জন্য ঘরোয়া ফুটবল থেকে সেরা ফুটবলারদের রেখেই দল গড়েছেন স্কালোনি। কোনো সন্দেহ নেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এই ম্যাচ এবং মেক্সিকোর বিপক্ষে ম্যাচকে আক্ষরিক প্রস্তুতি হিসেবেই দেখছে। এই সুযোগে পাওলো দিবালা ও লুতারো মার্টিনেজরা নিজেদের সেরাটা দিয়ে জাতীয় দলে জায়গা পাকা করতে পারেন।