দশম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারতের মধ্য দিয়ে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহারমর্দানের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছাড়া এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে মৌলভীবাজার বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সাইফুর রহমানের ছেলে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌছ, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা ফয়জুল করিম ময়ূন প্রমুখ। আলোচনা শেষে সাবেক মন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাইফুর রহমান বাণিজ্য, পরিকল্পনা ছাড়াও একাধিক মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ বার বাজেট পেশ করেন তিনি। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ীয়ায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।