শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সঙ্কটে ফেলে দিয়েছে: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা বিএনপির রাজনীতিকে সঙ্কটে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন সামনে রেখে যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিরোধী দল বিএনপি যতই বিষোদ্গার করুক, চেচামেচি করুক, এটাই আজকে বাস্তব যে, উন্নয়নে-অর্জনে শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতিকে সঙ্কটে ফেলে দিয়েছে। নেতিবাচক রাজনীতি করে বিএনপির এই সঙ্কট থেকে বেরিয়ে আসার উপায় নেই।

তিনি বলন, আজকে এই সঙ্কটের কারণেই বিএনপি বেহাল, দিশেহারা পথিকের মতো, পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে। জনগণের প্রতি আস্থা হারিয়ে বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, নালিশ করছে। বিদেশিদের কাছে দেশের বদনাম করছে।

এইচ এম এরশাদের মৃত্যুর পর তার দল জাতীয় পার্টির নেতৃত্বের টানাপড়েন নিয়ে আওয়ামী লীগে কোনো ‘মাথাব্যথা নেই’ বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের কে চেয়ারম্যান হবে, কে বিরোধী দলের নেতা হবে- এটা তারাই নির্ধারণ করবে। আওয়ামী লীগ এ নিয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদের কোনো প্রয়োজনও নেই।

বিরোধী দলীয় নেতা কে হবেন- সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো ‘পক্ষপাত নেই’ বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু অনুষ্ঠানে বক্তব্য দেন।