আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বোমা হামলায় অন্তত ১০ জন মারা গেছে বলে জানিয়েছে বিবিসি।
কাবুলের ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থিত ‘গ্রিন জোন’ নামের ওই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও দেশটিতে চলমান ন্যাটো মিশনের কার্যালয় অবস্থিত। এছাড়া আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর অবস্থানও সেখানে। আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
গতকাল শুক্রবার দূতাবাসের সামনের রাস্তায় ওই গাড়িবোমা হামলা করা হয়। হামলায় আশপাশের মুদি দোকান ও ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারী সশস্ত্র গোষ্ঠী তালেবান বলছে, তারা বিদেশি বাহিনীর একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
হতাহতদের মধ্যে ন্যাটো পরিচালিত আফগান মিশনের দুজন বেসামরিক সদস্যও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। যাদের একজন রোমানিয়ার অন্যজন যুক্তরাষ্ট্রের। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।