রওশনকে চেয়ারম্যান ঘোষণা জাপার গঠনতন্ত্র বিরোধী: ফিরোজ রশীদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘যারা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তারা গঠনতন্ত্র বিরোধী অপরাধ করেছেন। তারাই সাধারণ জনগণ এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধী নেতা হওয়ার প্রশ্নে গত কয়েক দিন ধরে দলটিতে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। জি এম কাদের ও রওশন এরশাদের নেতৃত্বে বিভক্ত দলটির দুটি গ্রুপের মধ্যে পুরোনো দ্বন্দ্ব ফের মাথা ছাড়া দিয়ে উঠেছে।

এদিন কাজী ফিরোজ রশীদ আরও বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করেছেন। পরবর্তীতে ১৭ আগস্ট প্রেসিডিয়ামের সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ গোলাম মোহাম্মদ কাদের এমপিকে বিরোধী দলীয় নেতা হতে সমর্থন দিয়েছেন। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান হিসেবে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চিঠি দিয়ে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ করেছেন। এটা পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। পল্লিবন্ধুর কখনো পার্লামেন্টারি কমিটির সভা করেননি। তাছাড়া গঠনতন্ত্রেও পার্লামেন্টারি কমিটির সভার কোন কথা নেই। তিনি জোর দিয়ে বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তিনিই হবেন সংসদে বিরোধী দলীয় নেতা।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘জাতীয় পার্টি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। পল্লিবন্ধু তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে গঠনতন্ত্র অনুসরণ করেই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। যিনি অন্য কাউকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি অবৈধ কাজ করেছেন, যাকে ঘোষণা করেছেন তিনি এর প্রতিবাদ না করে সীমারেখা লঙ্ঘন করেছেন। যারা অবৈধ ও অগণতান্ত্রিক ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টি একটি, যার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।’

এদিন বিকেল ৫টা থেকে জি এম কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা শুরু হয়। এর আগে পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভায়ও তিনি সভাপতিত্ব করেন। এ সময় রংপুর-০৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।