ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থী সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আপিলে বাদ পড়া সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মামুন বিল্লাহ রিভিউ করে তার প্রার্থিতা গতকাল ফিরে পেয়েছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে শেষ পর্যন্ত আপিল কমিটি তার প্রার্থিতা ফেরত দিয়েছে।
আপিল কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ওই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এতে জানানো হয়, মামুন বিল্লাহ ওরফে মামুন খানের প্রার্থিতা আপিল কমিটি পুনর্বহাল করেছে।
কারণ আপিল কমিটি যে কারণে তার প্রার্থিতা বাতিল করেছিল, সে বিষয়ে যথোপযুক্ত তথ্য, ব্যাখ্যা ও দালিলিক প্রমাণ আপিল কমিটির কাছে দাখিল করেছেন। তাতে কমিটি সন্তুষ্ট হয়ে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কাউন্সিলে সভাপতি পদে বৈধ প্রার্থী হিসেবে অনুমোদন করেছে।