ব্রাজিলের ড্রয়ের ম্যাচে নেইমার দ্যুতি

চোটের কারণে জুনের পর প্রথম জাতীয় দলের হয়ে মাঠে নামলেন নেইমার। ফেরার ম্যাচেই ছড়ালেন দ্যুতি। গোলে অবদান রাখার পাশাপাশি নিজেও করেছেন। কিন্তু তারকা এই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যের দিন কলম্বিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার হয়ে দুটি গোলই করেন ফরোয়ার্ড লুইস মুরিয়েল। ব্রাজিলের হয়ে গোল দুটি করেন কাসেমিরো ও নেইমার।

ম্যাচ শুরুর উনিশতম মিনিটে কাসেমিরোর হেডে এগিয়ে যায় ব্রাজিল। গোলটি গুরুত্বপূর্ণ অবদান নেইমারের। কর্নার থেকে বল পাওয়ার দারুণ ক্রসে ডি-বক্সের মাঝামাঝিতে পাঠিয়ে দেন আক্রমণভাগের এই খেলোয়াড়। নিখুঁত হেডে জালে জড়ান মিডফিল্ডার কাসেমিরো।

ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২৫তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। পেনাল্টি কিক থেকে গোলটি করেন মুরিয়েল। আক্রমণভাগের এই খেলোয়াড়কে ডি-বক্সে ব্রাজিলের লেফট-ব্যাক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৩৪তম মিনিটে ফের গোল হজম করে বসে ব্রাজিল। আবার গোল করেন মুরিয়েল। সতীর্থ দুভান সাপাতার পাসে ডি-বক্স থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।

বেশ কয়েকবার চেষ্টা করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় তিতের দল। তবে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় লাগেনি তাদের। ৫৮তম মিনিটে গোলের দেখা পান নেইমার। দানি আলভেসের পাসে ডি-বক্সের খুব কাছে থেকে জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। সমতাতেই শেষ হয় ম্যাচ।

আগামী বুধবার লস অ্যাঞ্জেলসে পরের প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। আর ফ্লোরিডায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে কলম্বিয়া।