রাণু মণ্ডল চরিত্রে প্রস্তাব পেলেন এই অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ার ভাইরাল গায়িকা রাণু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে কলকাতায়। শোনা যাচ্ছে, হৃষিকেশ মণ্ডলের এই ছবির নাম ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছে টিভি ও সিনেমার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। তবে অভিনেত্রী এখনো সম্মতি জানাননি।

পশ্চিমবঙ্গের রানাঘাট রেল স্টেশনে রাণুর গান কিছুদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর বলিউডের হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য তিনটি গান রেকর্ড করেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, রাতারাতি তারকা হয়ে ওঠা এই প্রতিভাকে নিয়েই ছবি তৈরি করছেন একাধিক পরিচালক। তবে চিত্রনাট্য না দেখে ছবি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না​ সুদীপ্তা।

এর আগে ‘অচেনা বন্ধুত্ব’, ‘কুসুমিতার গপ্পো’ নামে দুটি ছবি করেছেন হৃষিকেশ।

এ দিকে রাণুকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধু। ছবির সংগীত পরিচালনাও দায়িত্বও নিতে চেয়েছেন তিনি। তবে বর্তমানে ‘নকশী কাঁথার খোঁজে’র কাজে ব্যস্ত সিধু। আর গান রেকর্ডিংয়ে এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন রাণু। ফিরে এলেই দ্রুত এগোবে চিত্রনাট্যের কাজ।