শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম রোধে অচিরেই অনলাইনে নজরদারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাগুলোতে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিংয়ের চিন্তাভাবনা করছি। খুব শিগগিরই আমরা এই ব্যবস্থা করতে পারবো। যাতে করে বিভিন্ন সময় কোনো দুর্ঘটনা ও অনিয়মের কথা শুনি সেগুলো যেন বন্ধ হয়। যদি খুব ভালো মনিটরিং করা যায়, তাহলে এই ধরনের ঘটনা বন্ধ করতে পারবো বলে আশা করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ১০ বছর ধরে যে পরিবর্তন সূচিত হচ্ছে তারই ধারাবাহিকতায় শিক্ষা ক্ষেত্রও এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি শিশুকাল থেকেই যেন আমাদের শিক্ষার্থীদের মনে মূল্যবোধ সৃষ্টি করতে পারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যেই কারিকুলাম রয়েছে তার মধ্যে আমরা সেগুলো অন্তর্ভুক্ত করছি।
দীপু মনি বলেন, ‘আমরা নতুন একটি কার্যক্রম শুরু করছি ‘মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো’। এর মধ্য দিয়ে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা তার এলাকায় মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল তা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে সেই ইতিহাস তুলে আনবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, বঙ্গবন্ধুকে জানবে। তার মধ্য দিয়ে তাদের মধ্যে দেশ প্রেম গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হাইমচর উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।