ঢাকার সব গ্যাং নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের

কিশোর গ্যাংসহ ঢাকার অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পবিত্র আশুরা উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর হোসনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

ঢাকায় কোনো গ্যাং থাকবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি, ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।’

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে শতাধিক কিশোর-তরুণকে আটক করে পুলিশ।

এছাড়া কাউকেই তাজিয়া মিছিলে নাশকতা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, যারা এ ইমামবাড়াতে শ্রদ্ধা নিবেদন করতে বা মিছিলে যোগ দিতে আসবেন, তাদের আর্চওয়েসহ প্রয়োজনবোধে বিভিন্নভাবে তল্লাশি করা হবে। তল্লাশির পরে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, প্রতিটি অনুষ্ঠানের চারপাশে স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি) এবং গোয়েন্দা নজরদারি থাকবে। অনুষ্ঠানের আগে ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা সুইপিং করা হবে। বোমা নিষ্ক্রিয়করণ দল ও সোয়াত টিম প্রস্তুত থাকবে।