প্রতিযোগিতা বিভাগে ৭৬তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফিপরেস্কি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) পুরস্কার পেয়েছে রোমান পোলানস্কি পরিচালিত ‘এন অফিসার অ্যান্ড আ স্পাই’।
ফরাসি ছবিটির মূল টাইটেল “জে’অ্যাকুইজ”। রবার্ট হ্যারিসের ২০১৩ সালে প্রকাশিত ‘এন অফিসার অ্যান্ড আ স্পাই’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। লেখকের সঙ্গে মিলে চিত্রনাট্য করেছেন পরিচালক।
উনিশ শতকের ফরাসি সেনা কর্মকর্তা ও যুদ্ধমন্ত্রী জর্জেস পিক্কার্ট এই ছবির মূল চরিত্র। ওই সময় শত্রুপক্ষকে গোপন তথ্য পাচারের অভিযোগে শাস্তি হয় ইহুদি বংশোদ্ভূত সেনা সদস্য আলফ্রেড ড্রেইফাসের। তাকে বাঁচাতে চেষ্টা করেন জর্জেস। যা ইতিহাসে ড্রেইফাস অ্যাফেয়ার নামে পরিচিত।
‘এন অফিসার অ্যান্ড আ স্পাই’-এ পিক্কাটের ভূমিকায় আছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার জেতা ফরাসি অভিনেতা জঁ দ্যুজার্দাঁ। তিনি সেরা অভিনেতার অস্কারও পেয়েছেন। ড্রেইফাসের চরিত্রে অভিনয় করেছেন আরেক ফরাসি অভিনেতা লুই গ্যারেল, তিনি বার্নার্দো বের্তোলুচ্চির ‘দ্য ড্রিমার্স’-এর জন্য পরিচিত।
‘এন অফিসার অ্যান্ড স্পাই’ ভেনিসে গোল্ডেন লায়নের জন্য প্রতিযোগিতা করে। ছবিটির প্রিমিয়ার হয় ৩০ আগস্ট। প্রদর্শনীর পর দর্শক পাঁচ মিনিট দাঁড়িয়ে সম্মান জানান। তবে উপস্থিত ছিলেন না পরিচালক। এ ছাড়া সমালোচকেরা ছবিটির নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ দিকে হরাইজনস বিভাগে ফিপরেস্কি পুরস্কার জিতেছে স্প্যানিশ ছবি ‘ব্যাঙ্কো এন ব্যাঙ্কো’ (হোয়াইট অন হোয়াইট)। রাজনৈতিক থ্রিলারটি নির্মিত হয়েছে বিশ শতকের শুরুর প্রেক্ষাপটে। পরিচালনা করেছেন থিও কোর্ট।
শুক্রবার হোটেল এক্সসেলিয়রে অনুষ্ঠিত আয়োজনে ফিপরেস্কির দুই পুরস্কার দেওয়া হয়।
ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এইবারের আসর শুরু হয় ২৮ আগস্ট, পর্দা নামে ৭ সেপ্টেম্বর।