যারা জনগণের সরকারের বিরুদ্ধে তারা রাষ্ট্রদ্রোহী: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা কাজ করে, তারা রাষ্ট্রদ্রোহী। তাদের রুখে দিতে হবে।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, বর্তমানে দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। তাই দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ৫০ বছরে দেশের জনগণ সুশাসন পায়নি। তিনি বলেন, আইনের শাসন রক্ষা করতে পারলে গণতন্ত্র রক্ষা পাবে। যারা সংবিধানের মূলনীতি নিয়ে দ্বিমত পোষণ করে, তারা দেশকে অস্বীকার করে। দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে সংবিধান মেনে দেশ পরিচালনা হতো। রাষ্ট্র পরিচালনায় দেশ নিরপেক্ষ থাকত।

গণফোরাম সভাপতি বলেন, আমাদের মূল লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তুলে স্বাধীনতা রক্ষা করা। আর দুই বছর পর বাংলাদেশের বয়স ৫০ বছর হবে। আমরা স্বপ্নের বাংলাদেশ পেয়েছি কি না,  এটি প্রশ্ন।  কার্যকর গণতন্ত্র পেয়েছি কি না, এটিও একটি প্রশ্ন। আমরা কার্যকর গণতন্ত্র ও শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া প্রমুখ।