দুর্নীতি দমন কমিশনের সচিব দিলোয়ার বখত বলেছেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারলে দুর্নীতি অনেকাংশে দমন সম্ভব। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তুলতে হলে দুর্নীতির বেড়াজাল থেকে বের হয়ে আসতে হবে।
গতকাল শনিবার সকালে গাজীপুর জেলা শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগের পরিচালক আক্তার হোসেন, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-২-এর উপপরিচালক শাহিদুর রহমান, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা বেগম, শিক্ষিকা মনিরাতুল আলম, শিক্ষার্থী ইউসুফ আলী ও সিফাত শুভ প্রমুখ।