কামরাঙ্গীরচরে মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর খলিফাঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় মই থেকে পড়ে জিন্নাহ মিয়া (৩০) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর সদর উপজেলার অহেদ মণ্ডলের ছেলে জিন্নাহ পরিবার নিয়ে খলিফাঘাট এলাকায় থাকতেন।

সহকর্মী আরিফুল ইসলাম জানান, খলিফাঘাট এলাকায় দুলাল মিয়ার নির্মাণাধীন ছয়তলা ভবনে স্যানিটারি মিস্ত্রির কাজ করছিলেন তারা। দুপুরে নিচতলায় সিলভারের মইয়ে দাঁড়িয়ে পাইপ লাগানোর সময় জিন্নাহ পড়ে যান। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।