সাকিবের সেই ভক্ত জেলহাজতে

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে ঢুকে পড়ে সাকিব আল হাসানকে ফুল দেওয়া ভক্তকে জেল-জরিমানার মুখে পড়তে হচ্ছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে তোলা হয়েছিল তাকে। জামিন না মঞ্জুর হয়েছে। এরপর জেলহাজতে পাঠানো হয়েছে আইন ভাঙা ফয়সাল আহমেদ নামের স্থানীয় ওই ক্রিকেট ভক্তকে। চট্টগ্রামের সহকারী উপপুলিশ কমিশনার এ এ এম হুমায়ুন কবির দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নিরাপত্তা ভেঙে সংরক্ষিত স্থানে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। আদালত তার জামিন না মঞ্জুর করেছেন।’ হুমায়ুন কবির জানাচ্ছিলেন, ‘এখন তার বিরুদ্ধে তদন্ত হবে। তদন্তের পর সে অনুযায়ী চার্জশিট গঠন করা হবে।’ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করছিল। সকালে বাংলাদেশ অধিনায়ক যখন প্রথমবার বোলিংয়ে আসেন তখন ফয়সাল নামের ২২ বছরের ভক্ত কাঁটাতারের দেয়াল টপকে মাঠে ঢুকে পড়েন। দৌড়ে সাকিবের কাছে পৌঁছে হাতে থাকা গোলাপ ফুলের গুচ্ছ প্রেম নিবেদনের মতো করে হাঁটু গেড়ে বাড়িয়ে ধরেন। পরিস্থিতি সামলাতে সেটা নেন সাকিব। ওই ঘটনার পর নিরাপত্তাকর্মীরা ফয়সালকে মাঠ থেকে বের করে নেয়।  এই প্রথম বাংলাদেশের মাঠে ঢুকে পড়া কোনো দর্শকের বিরুদ্ধে মামলা হলো। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেল-জরিমানা করা হতে পারে। আর তা করা হলে এমন ঘটনায় শাস্তির বিরল একটি উদাহরণ তৈরি হবে গোটা ক্রিকেট বিশ্বেই।