‘ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া নিয়ে এখনই কিছু বলতে চাই না’

দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় একপর্যায়ে ছাত্রলীগের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন বলে দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা দেশ রূপান্তরকে জানান।

তারা জানান, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও দেখা দেননি তিনি। উপস্থিত কেন্দ্রীয় নেতারা তখন দুজনকে গণভবন থেকে চলে যেতে বলেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘গতকালের গণভবনের বৈঠকটি ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া সংক্রান্ত ছিল না। সেখানে ছাত্রলীগের বিষয়ে কী আলোচনা হয়েছে, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনিয়ে কিছু বলা ঠিক হবে না।’

ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে গণভবন থেকে চলে যেতে বলেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন। আরও নেতারাও গেছেন। আমি কেন তাদেরকে চলে যেতে বলব?’

বিএনপি চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের নেত্রী দেড় বছর ধরে কারাগারে, কিন্তু তারা দেড় মিনিটের জন্যও তার মুক্তির জন্য আন্দোলন করতে পারেনি।’

তিনি বলেন, ‘তাদের নেতারা সবাই এক সুরে বলছেন- আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। তাহলে তারা আন্দোলন করুক, হংকংয়ের মতো একটা আন্দোলন করতে পারে। আন্দোলন করেই তাদের নেত্রীকে মুক্ত করুক।’