দোলনা চড়তে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হলো ৯ বছরের এক শিশুর। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে এ ঘটনা ঘটে।
জি নিউজ জানায়, মারা যাওয়া ওই শিশুর নাম রজনী হালদার। ইটাহারের তালবাড়ি এলাকার বাসিন্দা পেশায় ভ্যানচালক মন্টু হালদারের ছেলে সে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে তার মা ঘরে পূজা দিতে বলেন। এতে সে রাজি না হওয়ায় তাকে বকাবকিও করেন তার মা।
এরপর বাড়ির বাইরে খেলতে চলে যায় রজনী। পাশেই এক কদম গাছে কাপড় দিয়ে বানানো দোলনায় চড়ছিল সে।
আচমকা সেই দোলনার কাপড়েই রজনীর গলায় ফাঁস আটকে যায়। একপর্যায়ে নিস্তেজ হয়ে ঝুলে পড়ে রজনী। পরবর্তীতে তাকে এভাবে দেখতে পেয়ে ছুটে আসে আশপাশের মানুষ।
শিশুটিকে উদ্ধার করে প্রথমে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। শনিবার রাতে চিকিৎসারত অবস্থাতেই এই শিশুর মৃত্যু ঘটে।