ভোলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ

ভোলার মনপুরা উপজেলায় কলেজ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহপাঠীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় অভিযুক্ত মনপুরা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি মো. রাকিব হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ওই কলেজের এক ছাত্রী।

রবিবার সকালে ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অভিযুক্ত রাকিব হাসান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায় যে, ছাত্রলীগ নেতা মো. রাকিব হাসান কলেজ যাওয়া-আসার পথে প্রেম নিবেদন করে আসছিল। সে প্রথমে পাত্তা দেয়নি। পরে বিয়ে করবে আশ্বাস দিলে প্রেমের প্রস্তাবে রাজি হয়।

তাদের সঙ্গে দীর্ঘদিন ফোনালাপ হয়। গত ৪ মাস আগে পহেলা বৈশাখ রাকিব ছাত্রীকে মনপুরা হাসপাতালের ছাদে চিলেকোঠায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে ও রাকিবের নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বাধা দিলে, না বললে বিয়ের প্রলোভন দেখাতেন। পরে  চার মাস চলে গেলেও বিয়ের কোনো কথা না তোলায়, ছাত্রী বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন ছাত্রলীগ নেতা রাকিবকে। বাধ্য হয়ে এ ঘটনা রাকিবের পরিবারকে জানান ওই ছাত্রী।

এতে রাকিব বিয়ে করবে না বলে জানিয়ে দেন ও ছাত্রীকে কয়েকবার মারধর করেন। পরে বাধ্য হয়ে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন ওই তরুণী।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলি বলেন, মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।