গো-মূত্র থেকে সরকারিভাবে ক্যানসারের ওষুধ তৈরি করছে ভারত

গো-মূত্র থেকে ক্যানসার নিরাময়ের ওষুধ তৈরির কাজ শুরু করেছে ভারতের মোদি সরকার। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এ ঘোষণা দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, জাতীয় স্বাস্থ্য সুরক্ষার প্রকল্পের অংশ হিসেবে গো-মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির কাজ চলছে বলে জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী।

একটি অনুষ্ঠানে অশ্বিনী কুমার বলেন, “বিভিন্ন রকমের ওষুধ, বিশেষত ক্যানসার নিরাময়ের ওষুধ গোমূত্র দিয়ে তৈরি হচ্ছে। কেন্দ্রীয় সরকার জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় এ নিয়ে কাজ শুরু করেছে। এর পেছনে যাবতীয় সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।”

মন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ক্যানসারের এই ওষুধ তৈরির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্যে বিতর্ক শুরু হয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় গোমূত্র থেকে স্বাস্থ্য সুরক্ষায় এমন কোনো কার্যকারিতা প্রমাণিত হয়নি, এরপরেও কেন সরকার ক্যানসারের ওষুধ তৈরি করতে যাচ্ছে, এমন প্রশ্ন অনেকেরই।

এর আগে বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা গো-মূত্র থেকে ক্যানসার নিরাময় সম্ভব বলে দাবি করেন। তিনি বলেছিলেন, “আমি ক্যানসারের রোগী ছিলাম। এ সময় আমি গোমূত্র সেবন করে, সঙ্গে কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে ক্যানসার থেকে আরোগ্য লাভ করি।”