জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে ২ লাখ টাকা দাবি

মাদারীপুর জেলা প্রশাসকের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে এক উপজেলা চেয়ারম্যানের কাছে ২ লাখ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের অফিশিয়াল মোবাইল থেকে শিবচর উপজেলা চেয়ারম্যানের নিকট হতে ২ লাখ টাকা দাবি করা হয়। পরে ওই উপজেলা চেয়ারম্যান সন্দেহবশত জেলা প্রশাসকের নম্বরে ফোন করলে অফিশিয়াল নম্বর ক্লোনের বিষয়টি ধরা পড়ে।  

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের অফিশিয়াল মোবাইল নম্বরটি থেকে সকালে শিবচর উপজেলা চেয়ারম্যানকে ফোন দিয়ে ২ লাখ টাকা চাওয়া হয়। এ ঘটনার কিছুক্ষণ পরে শিবচর উপজেলা চেয়ারম্যান জেলা প্রশাসককে ফোন দিলে মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি ধরা পরে।

শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান বলেন, সকালে আমার নম্বরে মাদারীপুর ডিসি সাহেবের নম্বর থেকে ফোন দিয়ে টিআর পাওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। ফোনে ডিসি পরিচয়ে যিনি কথা বলেছেন, তার সঙ্গে আমাদের ডিসি'র কণ্ঠের মিল নেই। তখন সন্দেহ হলে ডিসির কাছে ফোন দিলে বিষয়টি ধরা পরে।'

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, এর আগেই অফিশিয়াল নম্বরটি ক্লোন করে দুইবার চাঁদা দাবির ঘটনা ঘটেছিল। তখন দুজনকে আটকও করা হয়। ফের একই ঘটনা ঘটল। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হবে।