জেএনইউ নির্বাচনে বাঙালি তরুণী ঐশীর কাছে হারতে যাচ্ছে বিজেপি

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নির্বাচনে বামদের প্রার্থী বাঙালি তরুণী ঐশী ঘোষের কাছে হারতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, জেএনইউ ছাত্র সংসদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সম্পাদকসহ বিভিন্ন পদের নির্বাচনে জয়ের পথে বাম সংগঠনগুলোর নেতারা।

জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে সম্মিলিত বামদের প্রেসিডেন্ট প্রার্থী বাঙালি তরুণী ঐশী ঘোষের কাছে বিজেপির ছাত্র সংগঠনের নেতা এখন পর্যন্ত অর্ধেকের কম ভোট পেয়ে পেছনে আছেন। বাকি সবগুলো পদেও বিজেপি পেছনে। নিশ্চিত হারছে তারা।

গত নির্বাচনেও সবগুলো পদেই জিতেছিল বামেরা। এবারও সেই ধারা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে ভারতের অন্যতম নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে।

সহসভাপতি ও যুগ্ম সম্পাদক পদে এবিভিপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় স্থানে রয়েছেন দলিত জোটের প্রার্থী। বেআইনিভাবে মনোনয়ন খারিজ করা হয়েছে বলে দাবি করে দুই জেএনইউ ছাত্র অংশুমান দুবে ও অমিত দ্বিবেদী দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। ১৭ তারিখের পরবর্তী শুনানি পর্যন্ত ফল ঘোষণা স্থগিত করেছে আদালত।

জেএনইউ হলো ভারতের সশস্ত্র ধারার মাওবাদী কমিউনিস্টদের শক্তিশালী ভিত। তবে এবারের নির্বাচনে সব ধরনের বামদের সঙ্গে নিয়ে ঐক্য করা হয়েছিল বলে জানা গেছে।