গাজীপুর সিটিতে ৩০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশনে ৪৫০ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব প্রকল্পের উদ্বোধন করেন। মহানগরীর রাজবাড়ি মাঠে ডেঙ্গু প্রতিরোধ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভার আগে এসব উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন তিনি। 

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে জানান, তিনি নির্বাচিত হওয়ার পর নগরীর উন্নয়নে যে মহাপরিকল্পনা নিয়েছেন তার অংশ হিসেবে প্রথমবার সাড়ে চারশ কোটি টাকার কাজ শুরু হচ্ছে। এসব কাজের মধ্যে রয়েছে আরসিসি সড়ক নির্মাণ, রাস্তা কার্পেটিংকরণ ও রাস্তার পাশে ড্রেন নির্মাণ।

মেয়র বলেন, ‘গাজীপুর মহানগরীর প্রতিটি রাস্তা প্রশস্ত করা হচ্ছে ২৬ থেকে ৬০ ফুট পর্যন্ত। এসব রাস্তা প্রশস্ত করে উন্নয়ন করা হচ্ছে। দ্রুত এসব উন্নয়নকাজ সম্পন্ন হবে। ফলে নগরবাসীর চলাচলে সুবিধা হবে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘গাজীপুর হবে উন্নয়নের রোল মডেল। গাজীপুরকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজীপুরের যে উন্নয়ন হবে তা সারা দেশে ছড়িয়ে পড়বে।’