এসপিদের আইজিপি

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তৎপর থাকতে হবে

গ্যাংয়ের নামে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধে পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরে তিনি বলেন, ‘গ্যাং কালচারের নামে শিশু-কিশোরদের নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। কোথাও যেন কিশোর গ্যাং কালচার গড়ে উঠতে না পারে সে ক্ষেত্রে তৎপর থাকতে হবে।’ ঢাকা, চাঁদপুর, নওগাঁ, গাইবান্ধা ও চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত এসপিদের এ নির্দেশনা দেন আইজিপি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, শাহাব উদ্দীন কোরেশী ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবিপ্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডিপ্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

পুলিশপ্রধান জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা কঠিন। এ কাজে জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার এবং জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমন করতে হবে। তিনি বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নির্যাতনের মতো অপরাধ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। জনগণ বিপদে পড়ে অসহায় অবস্থায় পুলিশের কাছে আসে। থানায় আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সমস্যা ও অভিযোগের কথা গুরুত্ব দিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। পুলিশপ্রধান বলেন, উন্নত দেশের উপযোগী করে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সর্বস্তরে সততা ও শুদ্ধাচার চর্চার মাধ্যমে পুলিশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।