ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে ছাত্রলীগের ৩৪ সাবেক ও বর্তমান নেতাকে ‘অবৈধভাবে’ ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগে দুজনের পদত্যাগ দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।
গতকাল রবিবার বিকেলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে ডাকসুর নির্বাচিত আট সদস্যকে বহিষ্কার করে উপনির্বাচন দেওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে ক্যাম্পাসে সক্রিয় সংগঠন ছাত্র ইউনিয়ন সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অবৈধভাবে ভর্তির সুপারিশের অভিযোগের তদন্ত দাবি করেছে।
গতকাল একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।