ফারো আইল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইকের ক্যাসিয়াসের রেকর্ডে ভাগ বসিয়েছেন সের্হিও রামোস।
১৬৭টি ম্যাচ খেলে এতদিন রেকর্ডটি দখলে রেখেছিলেন স্পেনের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক ক্যাসিয়াস। রোববার ইউরো বাছাইয়ে ফারোর বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে খেলার মধ্য দিয়ে এই রেকর্ডে ভাগ বসালেন ডিফেন্ডার রামোস।
তবে এখানেই থেমে থাকতে চান না রামোস। তার লক্ষ্য অন্তত দুইশো ম্যাচ খেলা, “রেকর্ডগুলো ভাঙার জন্যই হয়। আশা করি, এই মোমেন্টাম, উদ্যম ও উচ্চাকাঙ্ক্ষা আমাকে সবসময় আমাকে প্রেরণা দেবে, আমি যাতে দুইশো ম্যাচে পৌঁছাতে পারি। এটাই লক্ষ্য।”