ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহে নুরুজ্জামান (৬০) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে পুলিশ ঝিনাইদহ শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত নুরুজ্জামান হামদহ দাসপাড়া এলাকার আব্দুল করিম বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গত রবিবার রাত ১২টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান বাড়ির ২য় তলায় ও তার ছেলে শামীম হোসেন ৩য় তলায় ঘুমাতে যান।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিহতের স্বজনরা সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরুজ্জামান গত ৭ মাস আগে বিজিবি থেকে অবসর নিয়ে ঝিনাইদহ সদরের হামদহ দাসপাড়া এলাকায় নিজ বাড়িতে বাস করছিলেন বলে জানান তার ছেলে শামীম হোসেন।

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান হত্যার ঘটনায় ক্লু উদ্ধারে চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।