ব্যাটম্যান: সাবেক প্রেমিকের সমর্থনে ক্রিস্টেন স্টুয়ার্ট

রবার্ট প্যাটিনসনকে পরবর্তী ‘ব্যাটম্যান’ ঘোষণা করে সমালোচনার মুখে পড়ে ডিসি কমিকস। এবার নায়কের প্রতি সমর্থন জানালেন সাবেক প্রেমিকা ও ‘টোয়ালাইট’ সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্ট।

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার নতুন ছবি ‘সেবার্গ’-এর প্রচারণায় অংশ নেন ২৯ বছর বয়সী স্টুয়ার্ট। সেখানে প্যাটিনসনের সুপারহিরোর ভূমিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ক্রিস্টেন স্টুয়ার্ট ভ্যারাইটিকে বলেন, “আমি মনে করি সেই একমাত্র এই চরিত্রে অভিনয় করতে পারে। এর জন্য আমি খুবই আনন্দিত।”

প্যাটিনসনের সঙ্গে সুপারহিরো সিনেমায় অভিনয় করবেন কিনা- প্রশ্নে জানান, তিনি রাজি আছেন।

২০০৮ সালে ‘টোয়ালাইট’ সিরিজের মাধ্যমে কাছাকাছি আছেন স্টুয়ার্ট ও প্যাটিনসন। এরপর তারা একসঙ্গে থাকা শুরু করেন। তবে ২০১২ সালে সিরিজের শেষ সিনেমা মুক্তির কিছুদিন পরই আলাদা হয়ে যান।

৩৩ বছর বয়সী প্যাটিনসনের আগে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন জর্জ ক্লুনি, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেকের মতো নামী তারকারা। তবে প্যাটিনসন জানান, তিনি ভাবেননি এই চরিত্রে শেষ পর্যন্ত তাকে রাখা হবে।

‘টোয়ালাইট’-এর পর এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করতে যাচ্ছে রবার্ট প্যাটিনসন। তাকে তিনটি ব্যাটম্যান সিনেমায় দেখা যাবে।

এর আগে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ও ‘জাস্টিস লিগ’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে ছিলেন বেন অ্যাফ্লেক। কিন্তু দুই ছবিই দর্শকদের হতাশ করেছে। সেই হিসেবে প্যাটিনসনের ঘাড়ে চরিত্রটিকে আগের উচ্চতায় ফিরিয়ে আনার দায়িত্ব চাপছে।

রবার্ট প্যাটিনসনের প্রথম ব্যাটম্যান সিনেমা মুক্তি পাবে ২০২১ সালে। এর আগে তাকে দেখা যাবে দ্য কিং, দ্য লাইটহাউস, টেনেট ও দ্য ডেভিল অল দ্য টাইমে।