বিচ্ছেদের পর ‘ভালো মেয়ে খারাপ মেয়ে’ নিয়ে ফিরছেন অনন্যা

কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনায় এসেছিলেন জাতীয় পুরস্কার পাওয়া কলকাতার অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। এবার সামনে এলো তার পরের ছবির খবর।

সিনেমাটির নাম ‘ভালো মেয়ে খারাপ মেয়ে’। সুচিত্রা ভট্টাচার্যের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন তমাল দাশ গুপ্ত।

ছবির কাহিনি এমন- স্বামী স্যাভি ও মেয়েকে নিয়ে রিয়ার সংসার। কিন্তু কলগার্ল হিসেবে কলকাতায় পরিচিত তার। আসলে সে কাজ করে একটি বারে। ক্লায়েন্টের অনুরোধে পড়ে মাঝে মাঝেই তাদের বাড়ি যেতে হয়। প্রবল আপত্তি থাকা সত্ত্বেও এড়িয়ে যেতে পারে না রিয়া।

এ রকম একদিন কাজ সেরে বেরোনোর পথে মধ্যরাতে রিয়াকে তুলে নিয়ে যায় তারই পরিচিত কয়েকজন।

পরদিন সংবাদপত্রে রিয়ার ধর্ষণের খবরটি দেখে আইনজীবী সমীরণ। দেখা মাত্র ঠিক করে মামলাটি লড়বেন। যদিও এর পেছনে উদ্দেশ জনপ্রিয় হওয়ার। তবে স্ত্রী ঊর্মিকে এ কথা বলে না। স্বামী অসহায় কারো সাহায্য করছে ভেবে খুশি হয় ঊর্মি। মামলা জিতে যায় সমীরণ, সেই আনন্দে পার্টিতে মদ্যপ অবস্থায় সমস্ত সত্যিটা বলে ফেলে। দুঃখ পায় তার স্ত্রী, সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

অনন্যা চট্টোপাধ্যায় ছাড়াও ‘ভালো মেয়ে খারাপ মেয়ে’তে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত ও শিলাজিৎ। সৃজিতা ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে ১৩ সেপ্টেম্বর।

এদিকে শিগগিরই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন অনন্যা। বর্তমানে তার ব্যস্ততা প্রথম অ্যালবাম নিয়ে।