ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ একটি- পেসার ইয়াসিন আরাফাত মিশু। এ ছাড়া দলে ফিরেছেন দেশের হয়ে একটি করে টি-টোয়েন্টি খেলা আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান।

আফগানিস্তান, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর।সোমবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। সেই হার ভুলে এখন টি-টোয়েন্টি সিরিজের মিশনে নামতে হচ্ছে। হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বে এরই মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে।

সোমবার রাতেই চূড়ান্ত স্কোয়াড দিয়ে দেয় বিসিবি। যে স্কোয়াডে নেই মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেনের মতো তারকা। বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গেল ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরের মাঠে খেলা সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৬ জন। তারা হলেন- মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।

তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাই নেই এই অভিজ্ঞ ওপেনার।

১৩ সেপ্টেম্বর সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ে ও ২১ সেপ্টেম্বর একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে টাইগাররা। ২৪ সেপ্টেম্বর সিরিজের ফাইনাল হবে মিরপুরে।

১৩ সদস্যের বাংলাদেশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।