বাগেরহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে সৌভিক দাস (১৫) নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বাগেরহাট শহরের পুরানো বাজার এলাকার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় দুপুরে বাগেরহাট মডেল থানার এসআই নিজাম উদ্দীন বাদী হয়ে সৌভিক দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছে।
সৌভিক দাস বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং শহরের পুরানো বাজারের বেসরকারি পলি ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. সুনীল কুমার দাসের ছেলে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন জানান, রবিবার সৌভিক নামে এক স্কুলছাত্র তার নামে খোলা ফেইসবুক আইডি দিয়ে ইসলাম ধর্ম নিয়ে কট‚ক্তি করে একটি স্ট্যাটাস দেয়। এতে ফেইসবুকে সৌভিকের বিচারের দাবিতে তোলপাড় শুরু হয়। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সৌভিক দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছে।