উইন্ডিজের নতুন অধিনায়ক পোলার্ড

সীমিত ওভারের ক্রিকেটে উইন্ডিজের নতুন অধিনায়ক হলেন অলরাউন্ডার কাইরন পোলার্ড। অধিনায়ক হিসেবে পোলার্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। বোর্ড প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, ‘সাদা বলের ক্রিকেটে উইন্ডিজকে নেতৃত্ব দিতে এই মুহূর্তে কাইরন পোলার্ড সঠিক ব্যক্তি।’ নভেম্বরে আফগানিস্তানের সঙ্গে ৬ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এই ত্রিনিদাদিয়ানকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। জ্যাসন হোল্ডার ও কার্লোস ব্রাফেটকে সরিয়ে ৬ জন ডিরেক্টর পোলার্ডকে অধিনায়ক করার পক্ষে মত দেন। ৬ জন ভোটদানে বিরত ছিলেন।
৩২ বছর বয়সী পোলার্ডের ওয়ানডে অভিষেক ২০০৬-এর এপ্রিলে। তবে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৬’র অক্টোবরে। গত বিশ্বকাপে রিজার্ভ স্কোয়াডে ছিলেন তিনি। ১০১ ম্যাচে ২৫.৭১ গড়ে করেছেন ২২২৯ রান। এছাড়া নিয়েছেন ৫০ উইকেট। পোলার্ডের টি-টোয়েন্টি অভিষেক ২০০৮ সালে। খেলেছেন উইন্ডিজের জেতা ২০১২ ও ২০১৬ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই। সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনি। ৬২ ম্যাচে ৯০৯ রান ও ২৩ উইকেট নিয়েছেন। আফগানিস্তানের সঙ্গে উইন্ডিজের সিরিজ শুরু হচ্ছে ৫ নভেম্বর থেকে, ভারতের দেরাদুনে। সেখানেই ২৭ নভেম্বর থেকে একমাত্র টেস্ট খেলবে দু’দল। এরপর ভারতের সঙ্গে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উইন্ডিজ। ইন্টারনেট।