সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ নিয়ে প্রকাশিতব্য গেজেটের (প্রজ্ঞাপন) ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করে আপিল বিভাগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ আবেদন করে।
পরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি আগামী ২০ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আদালতে নোয়াবের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মো. ইউসুফ আলী।
নবম ওয়েজ বোর্ড চূড়ান্তের বিষয় চ্যালেঞ্জ করে নোয়াবের করা রিট আবেদনের শুনানি নিয়ে গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ প্রকাশিতব্য ওই গেজেটের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশসহ রুল দেয়। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গত ২০ আগস্ট হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেন।