আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় এবং এতিম খানার টাকা চুরি করায় জেলে আছেন। তাকে যদি জামিন দিতে হয় এটা একমাত্র আদালতের এখতিয়ার। আদালত কী করবেন তা আদালতই ঠিক করবেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার সকালে আখাউড়া রেলস্টেশনে তিনি এ কথা বলেন।
এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যে জবাবে আনিসুল হক বলেন, যখন এরশাদ খালেদা জিয়াকে গুলশানে একটি বাড়ি দেন আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে ২২ বিঘার একটি বাড়ি দিয়ে দেন, তখন এরশাদ খুব ভালো লোক ছিলেন। আর যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন, তখন তিনি খারাপ হয়ে যান। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।