আওয়ামী লীগকে মিথ্যাচারের কোম্পানি আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একই সঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে সরকারি বিজ্ঞাপন ম্যানেজার বলেও অভিহিত করেন তিনি।
পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দল এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগকে মিথ্যাচারের একটি কোম্পানি। এ কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন ওবায়দুল কাদের। আর সরকারি বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।’
এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কিসের গর্ব করেন! আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা-বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানো। আপনি আজকে আওয়ামী লীগের সভানেত্রী এটা তো জিয়াউর রহমানের দান।’
জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার কাছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি হতে পারেন। কারণ ডাকাতরা যখন কারও বাড়িতে ডাকাতি করে, তারা কি বলে আমরা অবৈধ কাজ করছি? কিন্তু যার বাড়ি ডাকাতি হয় সে বুঝতে পারে কী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশের মালিক জনগণ বুঝতে পারছে তাদের ভোটাধিকার, চলাফেরা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগের এই ডাকাত সরকার?’
এ সময় ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।